ব্রাজিলের ফুটবলের দুই তারকা নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকা ও ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে সরাসরি মুখ খুলে অভিযোগ অস্বীকার করেছেন নেইমার ও ভার্জিনিয়া—দুজনই।
ব্রাজিলের সংবাদমাধ্যম মেত্রোপোলেসের সাংবাদিক ফাবিয়া অলিভেইরা প্রথম এ খবর প্রকাশ করেন। তাঁর প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর সাও পাওলোতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেইমার ও ভার্জিনিয়া। ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি শুরুর আগে আয়োজিত ওই অনুষ্ঠানে অতিথিদের মুঠোফোন ব্যবহারের ওপর কড়াকড়ি ছিল।
প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, অনুষ্ঠানে দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। একপর্যায়ে সোফায় বসে থাকা নেইমারের ওপর ভার্জিনিয়াকে নাচতেও দেখা যায় বলে উল্লেখ করা হয়েছে। এমনকি তাঁদের মধ্যে চুম্বনের ঘটনাও ঘটেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। অনুষ্ঠানে দুজনের প্রচুর মদ্যপানের কথাও প্রতিবেদনে উঠে এসেছে। তবে এসব দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।
খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান নেইমার। সাংবাদিক লুইজ বাচ্চির একটি পোস্টে মন্তব্য করে তিনি লেখেন, ‘এমনটা করো না, বন্ধু। আমি এখন খুব শান্তিতে ও আনন্দে আছি। আমাকে অর্থহীন কোনো বিতর্কে জড়িও না।’
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিতেও বিষয়টি নিয়ে কথা বলেন ব্রাজিলের এই তারকা। তিনি লেখেন, ‘আমি সাধারণত আমার স্টোরিতে এ ধরনের বিষয় নিয়ে কথা বলি না। কিন্তু এবার সীমা ছাড়িয়ে গেছে। অন্য একজনের সঙ্গে আমার সম্পর্কের খবর প্রকাশিত হচ্ছে, আর আমি তা অস্বীকার করছি। মানুষ যে বাস্তবতার চেয়ে নামের জনপ্রিয়তা ও আলোচনায় থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছে, সেটি দুঃখজনক।’
নেইমার আরও লেখেন, ‘আমার দল ইতিমধ্যে নিজেদের অবস্থান জানিয়েছে। কিন্তু এবার বিষয়টির চূড়ান্ত জবাব দিতে আমাকে নিজেই আসতে হলো। সবাইকে শুভেচ্ছা। এবার আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’
নেইমারের পাশাপাশি ভার্জিনিয়ার পক্ষ থেকেও অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁর গণমাধ্যম দলের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ভার্জিনিয়া ফনসেকা প্রকাশিত তথ্যগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা।
বিবৃতিতে আরও বলা হয়, ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুঞ্জন অস্বীকার করতে হচ্ছে ভার্জিনিয়াকে—এমন ঘটনা এবারই প্রথম নয়। কয়েক দিন আগেও আর্জেন্টাইন রেসিং ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তোর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। তবে প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই কোলাপিন্তো ব্রাজিল ছেড়ে চলে যান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে নেইমারকে ঘিরে এমন আলোচনা চলার মধ্যেই তাঁর জীবনসঙ্গী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। অনাগত সন্তানের নাম রাখা হবে মারিয়াহ। ফলে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন এই গুঞ্জন ব্রাজিলের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে ভার্জিনিয়ার ব্যক্তিগত জীবন নিয়েও ব্রাজিলের সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হচ্ছে। তাঁর সাবেক স্বামী জে ফেলিপের সঙ্গে আবারও সম্পর্ক জোড়া লেগেছে এবং শিগগিরই তাঁরা বিয়ে করতে যাচ্ছেন—এমন গুঞ্জনও রয়েছে।
এদিকে ব্রাজিল জাতীয় দলের খেলা থাকায় বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন ভিনিসিয়ুস জুনিয়র। আগামীকাল বিকেলে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।
তবে নেইমার ও ভার্জিনিয়াকে ঘিরে ছড়িয়ে পড়া সাম্প্রতিক অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো ছবি বা ভিডিও প্রকাশিত হয়নি। দুজনের পক্ষ থেকেই তা অস্বীকার করা হয়েছে। ফলে বিষয়টি আপাতত সংবাদমাধ্যমে প্রকাশিত দাবি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।