রাজশাহী

নাটোরে স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, আটক ১

নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় হানিফ ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হানিফ ভূঁইয়াকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার হোসেন ভূঁইয়ার ছেলে।

এর আগে ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ বাজারে এসে ইউটার্ন নেয়। পরে ১০ থেকে ১৫ জন মুখোশধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। এ সময় তাঁরা শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন।

এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

মুখোশ পরা থাকায় স্থানীয়রা হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেননি। স্থানীয় বিএনপি নেতা জুয়েল দাবি করেন, তিনটি যানবাহনে আসা ব্যক্তিরা বাজারে দাঁড়িয়ে স্লোগান দিয়ে শতাধিকবার গুলি ছোড়েন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

স্থানীয় চা-দোকানি মেরাজ বলেন, ‘হঠাৎ তিনটি গাড়ি বাজারে এসে থামে। এ সময় গাড়ি থেকে স্লোগান শোনা যায়। পরে গুলির শব্দ শুনতে পাই।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, দত্তপাড়ায় গুলিবর্ষণের ঘটনায় হানিফ ভূঁইয়াকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...