রাজশাহী

বেশি লাভের আশায় পাঁচবিবিতে বাড়ছে তিলের আবাদ

জয়পুরহাটের পাঁচবিবিতে কম খরচ ও অল্প শ্রমে ভালো ফলন পাওয়ায় তিল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। পতিত জমি, রাস্তার পাশের জায়গা ও জমির আইলে তিল চাষ করে লাভের আশা করছেন তারা। বাজারে ভালো দাম এবং স্থানীয় ও বাইরের জেলায় তিলের চাহিদা থাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ ফসলের আবাদ।

তিল শুধু ভোজ্যতেল তৈরির উপাদান নয়, রান্নার কাজেও এর ব্যবহার রয়েছে। তিল দিয়ে তৈরি নাড়ু, খাজা ও মোয়াসহ নানা খাবারও বেশ জনপ্রিয়। পাশাপাশি প্রসাধনী শিল্পেও তিলের তেল ব্যবহৃত হয়। সব মিলিয়ে অনুকূল আবহাওয়ায় এবার ভালো ফলনের প্রত্যাশা করছেন কৃষকরা।

পাঁচবিবি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ খরিপ-২ মৌসুমে উপজেলায় ১৫ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর ও বালিঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পতিত জমি, রাস্তার পাশের জায়গা ও জমির আইলে এ ফসল চাষ করা হয়েছে।

কৃষকদের হিসাবে, প্রতি বিঘা জমিতে তিল চাষে হালচাষ ও সারসহ প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয়। ফলন পাওয়া যায় ৩ থেকে ৪ মণ। বর্তমানে মানভেদে প্রতি মণ তিল ১০ হাজার থেকে ১২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলার দমদমা গ্রামের কৃষক আনিছুর রহমান জানান, তিনি প্রতিবছর অনাবাদি জমিতে তিল চাষ করেন। অন্য ফসল ভালো না হওয়ায় এসব জমিতে তিল আবাদ করে মোটামুটি লাভবান হন। এবারও তিন বিঘা জমিতে তিল চাষ করেছেন তিনি। আনিছুর রহমান বলেন, তিল চাষে সার ও কীটনাশক খুব একটা লাগে না। গরু-ছাগলেও তিলগাছ তেমন খায় না। ফলে জমি রক্ষণাবেক্ষণেও খরচ কম হয়।

ধরঞ্জী গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, প্রায় এক বিঘা জমির চারপাশের আইলে তিল বুনেছেন তিনি। মাঝখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি। তিলগাছ জমির বেড়া হিসেবে কাজ করায় গরু-ছাগল সহজে ক্ষেতে ঢুকতে পারে না। বাঁশ বা অন্য উপকরণ দিয়ে বেড়া দিতে যে খরচ হতো, তিল চাষ করায় সেই খরচও বেঁচে যাচ্ছে।

কাঁচনা গ্রামের কৃষক ইমরান আলী জানান, অন্য ফসল ভালো না হওয়ায় ১৬ শতক জমিতে তিল চাষ করেছেন। বাড়িতে সারা বছর ভর্তা হিসেবে খাওয়ার জন্য কিছু তিল রেখে বাকিটা বিক্রি করে দেবেন।

অন্যদিকে চকশিমুলিয়া গ্রামের নরেশ দাসের নিজের তিল চাষের জমি নেই। তবে তিনি প্রায় আধা কিলোমিটার রাস্তার দুই পাশে তিল বুনেছেন। তিনি জানান, সেখানে তিলের ফলন বেশ ভালো হয়েছে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ বলেন, উপজেলায় ২০২৫-২৬ খরিপ-২ মৌসুমে ১৫ হেক্টর জমিতে তিল চাষ হয়েছে। সাধারণত বসতবাড়ির আশপাশে, রাস্তার ধারে, পুকুরপাড়ে ও ফসলের জমির আইলে তিলের আবাদ হয়। পাশাপাশি কিছু জমিতে মাঠফসল হিসেবেও চাষ করা হয়। প্রতি বিঘায় ৩ থেকে সাড়ে ৩ মণ ফলন পাওয়া যায়।

তিনি আরও বলেন, তিল ফসলে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ তুলনামূলক কম এবং পরিচর্যার খরচও কম। এ কারণে অন্যান্য ফসলের তুলনায় উৎপাদন ব্যয় কম হয়। বর্তমানে বাজারে ভালো দাম এবং স্থানীয় পর্যায়সহ বাইরের জেলাগুলোতে ব্যাপক চাহিদা থাকায় কৃষকদের মধ্যে তিল চাষের জনপ্রিয়তা বাড়ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...