গ্যাংস্টার সেজে ৬০ লাখ রুপি চাঁদা দাবি, দিল্লিতে যুবক গ্রেপ্তার
ভারতের রাজধানী দিল্লিতে কুখ্যাত গ্যাংস্টার অনমল বিষ্ণোইয়ের পরিচয় ব্যবহার করে ৬০ লাখ রুপি চাঁদা দাবির অভিযোগে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আশু মৌর্য নিজেকে কারাবন্দি গ্যাংস্টার অনমল বিষ্ণোই হিসেবে পরিচয় দিয়ে এক পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছিলেন। অনমল বিষ্ণোই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই।
জনকপুরি থানায় অভিযোগটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা যতীন গাবা। তাঁর পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠিয়ে ৬০ লাখ রুপি দাবি করা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি খামে লেমিনেট করা ১০ রুপির নোটের অর্ধেক অংশ রেখে তা অনলাইনে বুক করা ডেলিভারি রাইডারের মাধ্যমে অভিযোগকারীর বাড়িতে পাঠানো হয়।
তদন্তে পুলিশ বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে খাম পৌঁছে দেওয়া রাইডারের সন্ধান পায়। রাইডার জানান, তিনি গুরগাঁওয়ের মানেসর থেকে অনলাইন বুকিং নিয়ে খামটি পৌঁছে দিয়েছিলেন। এরপর বুকিংয়ে ব্যবহৃত মোবাইল নম্বর ও যোগাযোগের তথ্য পরীক্ষা করে পুলিশ আশু মৌর্যকে শনাক্ত করে এবং মানেসর থেকে গ্রেপ্তার করে।
তদন্তে জানা যায়, অভিযুক্তের বাবা প্রায় ২৭ বছর ধরে অভিযোগকারী পরিবারের গাড়িচালক হিসেবে কাজ করেছেন। পুলিশের ধারণা, পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতিকে কাজে লাগিয়ে এবং কুখ্যাত গ্যাংস্টারের নাম ব্যবহার করে ভয় দেখানোর পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত।
পুলিশ অভিযুক্তের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ট্যাবলেট, একটি সিম কার্ড, একটি মোটরসাইকেল এবং ১০ রুপির নোটের বাকি অর্ধেক অংশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।