দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
প্রায় ২২ একর জমি নিয়ে বিস্তৃত দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এখানে ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ।
দিনাজপুর পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম ও খাবার পানির ব্যবস্থা করা হয়। ঈদগাহ মাঠে অর্ধশতাধিকের বেশি মাইক স্থাপন করা হয়। এছাড়া ১০টি গেট ও দুইটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সকাল সাড়ে ৮টা বাজার আগেই ঈদগাহ মাঠে মুসল্লিরা এসে উপস্থিত হন। এই জামাতে ইমামতি করেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী।
এই মাঠে নামাজ আদায় করেন দিনাজপুর সদর আসনে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু, কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়া আহলে হাদিস অনুসারিদের ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় দিনাজপুর আদর্শ কলেজ মাঠে।
অপরদিকে, দিনাজপুর জেলা শহরের চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, বালুয়াডাঙ্গা ঈদগাহ মাঠ, লালবাগ ফুটবল খেলার মাঠ, ইকবাল স্কুল মাঠ, তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল ঈদগাহ মাঠ, সুইহারি ঈদগাহ মাঠসহ জেলা শহরের অর্ধশতাধিক ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শহরের বাইরে সদর উপজেলার চেরাডাঙ্গী ঈদগাহ মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।