দিনাজপুর

দিনাজপুর ঘোড়াঘাটে ঈদের দিন সকালে সিএনজি দুর্ঘটনায় ২ শিশু নিহত

দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদের দিন সকালে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন নারী। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা। দুর্ঘটনায় আহত হয়েছেন দুলালী বেগম ও ফরিদা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে টানা বৃষ্টির কারণে মহাসড়কে দৃশ্যমানতা কম ছিল। এর মধ্যেই দ্রুতগতিতে চলছিল তাদের অটোরিকশাটি। গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার পথে কানাগাড়ি বাজার এলাকায় পৌঁছালে সিএনজিটিকে একটি ট্রাক পেছনে থেকে ধাক্কা দেয়। ফলে সিএনজিটি উলটে রাস্তার পাশে পড়ে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel