চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় ৯ বছর আগে করা একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সুশীলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
দীর্ঘদিন পুলিশকে ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা এই আসামিকে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলের মাঠ থেকে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুশীল নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে।
নিয়ামতপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন জানান, আগে তিন দফা অভিযান চালিয়েও সুশীলকে গ্রেফতার করা যায়নি। নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে সুশীল কৃষিকাজ করছেন বলে জানতে পারেন তারা। এমন খবরে গতকাল সন্ধ্যায় অন্য পুলিশ সদস্যদের পাশের একটি বাজারে অবস্থান করতে বলে ফরহাদ হোসেন নিজেই কৃষকের ছদ্মবেশে মাঠে যান। কাছে পৌঁছাতেই সুশীল চিনতে পেরে দৌড় দেন। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ২০১৭ সালের একটি মাদক মামলায় চলতি বছর আদালত সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন। অর্থদণ্ড না দিলে আরো তিন মাসের কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
ওয়াসিম ফিরোজ আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।