প্রতিরক্ষা উৎপাদন, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে বহুপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া। বুধবার কাতারে চার দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ‘বদর মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ নামে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর তখন পর্যন্ত চুক্তি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তি সম্পর্কে নিজের বক্তব্য প্রকাশ করেন।
তাঁর বক্তব্য অনুযায়ী, অংশীদার দেশগুলোর প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে যৌথ উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্পক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরি করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি যৌথ গবেষণা ও উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় এবং সামরিক শিল্পের সক্ষমতা বাড়ানোর বিষয়ও চুক্তিতে গুরুত্ব পেয়েছে।
তুরস্ক ও কাতারও চুক্তি স্বাক্ষরের বিষয়ে একই ধরনের বিবৃতি দিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, উদ্যোগটির লক্ষ্য প্রতিরক্ষা সহযোগিতা এবং সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষামূলক সক্ষমতা শক্তিশালী করা।
তবে চুক্তির আওতায় কত অর্থ ব্যয় হবে, কী ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জাম যৌথভাবে তৈরি করা হবে কিংবা কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না, তা প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
সুত্র: ডন
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।