নাইজেরিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসের বান্দিবুগিও (Bundibugyo) ধরন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত নারী উগান্ডা থেকে নাইজেরিয়ার রাজধানী আবুজায় এসেছিলেন। এ ঘটনায় তাঁর সংস্পর্শে আসা ৪৪ জনকে শনাক্ত করে নজরদারিতে রাখা হয়েছে।
নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (এনসিডিসি) তথ্য অনুযায়ী, ওই নারী ৩ অক্টোবর উগান্ডা থেকে আবুজায় পৌঁছান। সাম্প্রতিক ভ্রমণের তথ্য জানার পর ১৯ অক্টোবর তাঁর ইবোলা পরীক্ষা করা হয়। মঙ্গলবার পরীক্ষার ফল পজিটিভ আসে। পরবর্তী পরীক্ষায় ভাইরাসটির ধরন বান্দিবুগিও বলে নিশ্চিত করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ধরনটি শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এএফপির বরাতে একজন কর্মকর্তা জানিয়েছেন, আক্রান্ত নারী একজন কূটনীতিক। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে একাধিক অঙ্গের কার্যক্ষমতা নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মুহাম্মদ আলী পাতে বলেছেন, ওই নারীকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের শনাক্ত করা ৪৪ জন সংস্পর্শে আসা ব্যক্তির অধিকাংশই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে আক্রান্ত নারীর স্বামীও রয়েছেন, যিনি সুইজারল্যান্ডের নাগরিক এবং আবুজায় তাঁর সঙ্গে বসবাস করেন। উগান্ডা থেকে একই ফ্লাইটে আসা অন্য যাত্রীদেরও শনাক্তের চেষ্টা চলছে। কর্মকর্তাদের ধারণা, বিমানে ওঠার সময় ওই নারীর মধ্যে রোগের লক্ষণ ছিল না।
বান্দিবুগিও ধরনের ইবোলার জন্য বর্তমানে নির্দিষ্ট কোনো টিকা বা বিশেষ চিকিৎসা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) চলমান প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে ৯ হাজারের বেশি সংক্রমণ এবং ৪ হাজারের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, একাধিক দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আঞ্চলিক সমন্বয় জোরদার করা প্রয়োজন।
সুত্র: আল জাজিরা
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।