দিনাজপুর

গমের আমদানিনির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ, দিনাজপুরে গবেষণা কর্মশালা

দিনাজপুর প্রতিনিধিঃ গমের আমদানিনির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বাড়াতে উচ্চফলনশীল জাত উদ্ভাবন, গবেষণা জোরদার এবং কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তি সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোকতার হোসেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মাহফুজ বাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক মো. আব্দুল হাকিম, রংপুর অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা পলাশ সরকার এবং দিনাজপুর অঞ্চলের ডিআইয়ের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালার আগে যুগ্ম সচিব মোকতার হোসেনসহ অতিথিরা ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা প্লট ও প্লান্টেশন পরিদর্শন করেন। এ সময় তাঁরা গমের বিভিন্ন উচ্চফলনশীল জাতের চারা, পরীক্ষামূলক আবাদ এবং চলমান গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন। দেশের কৃষি উৎপাদন বাড়াতে এসব গবেষণার সম্ভাবনা ও প্রয়োগের বিভিন্ন দিক নিয়েও তাঁরা খোঁজখবর নেন।

কর্মশালায় ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ গবেষণার অগ্রাধিকার নির্ধারণ, নতুন জাত উদ্ভাবন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে গবেষণার ফলাফল সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

মোকতার হোসেন বলেন, আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই কৃষি উন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য। গমের আমদানিনির্ভরতা কমিয়ে দেশকে উৎপাদনমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...