বিনোদন

৯৯৯ টাকা দেনমোহর রাখার কারণ জানালেন অভিনেতা সুজাত শিমুল

মঞ্চ ও টেলিভিশন নাটকের পরিচিত মুখ অভিনেতা সুজাত শিমুল সম্প্রতি বিয়ে করেছেন। তাঁর স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে বিয়ের চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে তাঁদের দেনমোহরের অঙ্ক—মাত্র ৯৯৯ টাকা। এই ব্যতিক্রমী অঙ্ক বেছে নেওয়ার কারণ সম্প্রতি জানিয়েছেন সুজাত শিমুল।

অভিনেতা জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁরা এমন একটি ব্যতিক্রমী সংখ্যা বেছে নিতে চেয়েছিলেন, যার সঙ্গে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তার যোগ রয়েছে। সেই ভাবনা থেকেই আসে ৯৯৯ সংখ্যাটি।

সুজাত শিমুল বলেন, “আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।”

এই সংখ্যার পেছনে একটি প্রতীকী ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর মতে, পাশাপাশি তিনটি ৯ থাকলেও পরের ঘরে শূন্য থেকে যায়, যা মানুষের জীবনের অপূর্ণতার প্রতীক। মানুষের জীবন কখনোই পুরোপুরি পরিপূর্ণ হয় না; কোথাও না কোথাও কিছু ঘাটতি থেকেই যায়। হাজারের ঘর পূর্ণ না হওয়ার বিষয়টিও তাঁদের ভাবনায় বিশেষ তাৎপর্য বহন করেছে।

দেনমোহরের অঙ্ক নির্ধারণে আরেকটি বিষয়ও ভূমিকা রেখেছে বলে জানান সুজাত শিমুল। তাঁর শ্বশুর পুলিশের চাকরি করতেন। ফলে পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯-এর সঙ্গে পারিবারিক এই যোগসূত্রও তাঁদের ভাবনায় এসেছে।

তবে এই সিদ্ধান্তের পেছনে সামাজিক বার্তাও রয়েছে বলে মনে করেন অভিনেতা। তাঁর ভাষ্য, বিয়ের দেনমোহর নিয়ে লাখ লাখ টাকার অঙ্ককে কেন্দ্র করে সমাজে যে আলোচনা হয়, তাতে কখনো কখনো বিয়েকে বিনিময় কিংবা পারস্পরিক আস্থা-অনাস্থার বিষয় হিসেবে দেখা হয়। ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের সিদ্ধান্তের মাধ্যমে তিনি নারীর সাহস ও নিজস্ব সিদ্ধান্তের বিষয়টিও সামনে আনতে চেয়েছেন।

সুজাত শিমুল জানান, পরিবার ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করায় সবাইকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। আগামী ডিসেম্বরে সবার অংশগ্রহণে বিয়ের মূল আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...