অনুকূল আবহাওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উৎপাদন ভালো হওয়ায় এবং বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় লাভের আশা করছেন তাঁরা। শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে বেড়েছে কৃষকদের কর্মব্যস্ততা। কেউ জমির আগাছা পরিষ্কার করছেন, কেউ ব্যস্ত রয়েছেন সবজির পরিচর্যায়। আবার কেউ কেউ আগাম সবজি তুলে স্থানীয় বাজারে বিক্রি করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় প্রায় ১ হাজার ২০০ একর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পালংশাক, মূলা, বেগুন, পটল, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, শসা ও শিমসহ নানা জাতের সবজি।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সবুজ পাতায় ভরে উঠেছে কৃষকদের ক্ষেত। ভোর থেকেই সবজি পরিচর্যা ও জমির যত্নে ব্যস্ত সময় কাটছে তাঁদের। আগাম সবজি বাজারে তুলতে পারলে তুলনামূলক ভালো দাম পাওয়া যাবে—এমন প্রত্যাশা কৃষকদের।
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, কৃষকদের নিয়মিত পরামর্শ ও অনুকূল আবহাওয়ার কারণে এবার সবজির ফলন ভালো হয়েছে। আগাম সবজি চাষ করে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি।
তিনি আরও জানান, ঘোড়াঘাটের স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি এখানকার উৎপাদিত সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বড় পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে। বাজারে সবজির ভালো দাম থাকায় কৃষকেরা সন্তুষ্ট।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।