চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনোহরপুর বিওপির টহলদল দুটি অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সকাল ৭টার দিকে বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৩টি বিভিন্ন ধরনের ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে।
পরে সকাল ১০টার দিকে একই বিওপির নিয়মিত টহলদল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে অভিযান চালায়। এ সময় ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
জব্দ করা মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি কাজ করছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।