অদম্য মনোবল আর সাহস নিয়ে চাকরির আশায় চাকরি মেলায় ছুটে এসেছেন দিনাজপুরের ঘোড়াঘাটের রিমা আক্তার। মঙ্গলবার বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত চাকরি মেলায় প্রচণ্ড রোদ উপেক্ষা করে হাজারো চাকরিপ্রার্থী ও তাঁদের অভিভাবকের ভিড়ে নিজের জন্য একটি কর্মসংস্থানের সুযোগ খুঁজেছেন তিনি।
রিমা ঘোড়াঘাট পৌরসভার খন্দকারটোলা এলাকার ওয়াজেদ আলীর মেয়ে। জন্ম থেকেই তাঁর হাঁটুর নিচে পা নেই। দুই হাঁটুর ওপর ভর করেই চলাফেরা করতে হয় তাঁকে। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর পড়াশোনা কিংবা স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
বর্তমানে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে স্নাতক (সম্মান) শেষ বর্ষে পড়ছেন রিমা। চাকরি মেলায় এসেছেন ইন্টারমিডিয়েট পাসের সনদ নিয়ে। ইতিমধ্যে চার-পাঁচটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।
রিমার আশা, কোনো একটি প্রতিষ্ঠান তাঁকে কর্মসংস্থানের সুযোগ দেবে। এতে নিজের জীবন এগিয়ে নেওয়ার পথ তৈরি হবে। চাকরি পাওয়ার বিষয়ে আশাবাদী রিমা বলেন, এখন আল্লাহর ওপর ভরসা করে আছেন। তাঁর দৃঢ় বিশ্বাস, একদিন চাকরি হবে তাঁর।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।