জাতীয়

গবেষণা মাঠে সচিবালয় নয়, বিকল্প স্থান নির্ধারণের দাবি শেকৃবি শিক্ষার্থীদের

রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুরোনো বাণিজ্য মেলার মাঠ হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠের কাছে চীন-মৈত্রী সিগন্যালে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা পাশের গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘কথায় কথায় ঢাকা ছাড়, ঢাকা কি তোর বাপ-দাদার’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে বিক্ষোভ শেষে ক্যাম্পাসে ফিরে যান তাঁরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মো. আব্দুল নূর বলেন, এখানে সচিবালয় নির্মাণ করা হলে পাঁচ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার উচ্ছেদের পরিস্থিতি তৈরি হতে পারে। ভবিষ্যতে কোনো সরকার সচিবালয়ের পরিসর বাড়াতে জিয়া উদ্যানের জমি নেওয়ার উদ্যোগও নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এ স্থানে সচিবালয় নির্মাণ না করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।

শিক্ষার্থীদের দাবি, গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। কৃষি গবেষণায় ব্যবহৃত এই মাঠে সচিবালয় নির্মাণ করা হলে গবেষণার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে রাজধানীর পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।

তাঁরা বলেন, কৃষি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ মাঠটির পরিবর্তে সচিবালয় নির্মাণের জন্য বিকল্প স্থান বিবেচনা করা উচিত। গবেষণা মাঠের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।

এর আগে একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শেকৃবি শিক্ষার্থীরা। গবেষণা মাঠ রক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...