বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর সঠিক কারণ প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্ত ও ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট সব তথ্য জানার পর এ বিষয়ে বক্তব্য দেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকায় তুরাগ নদের ঘাট থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় চাকরি ফিরে পাওয়া ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তাহসিফের মৃত্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনা সংঘটিত হওয়ার পর অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত ও বিচার সম্পন্ন করার ক্ষেত্রে সরকার সফলভাবে কাজ করেছে। দু-একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে কখন দেশে ফিরতে চাইছেন বা চাইছেন না, তা নিয়ে সরকার মোটেও বিচলিত নয়। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। যে-ই দেশে আসুন না কেন, তাঁকে আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হবে বলে জানান তিনি।
আওয়ামী লীগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দলটি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি ছিল এবং গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, আওয়ামী লীগ ১ হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যা ও গণহত্যা চালিয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, এ সংখ্যা ২ হাজারের বেশি। তাঁর অভিযোগ, দলটি এখন পর্যন্ত ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি। বরং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে জঙ্গিবাদী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চাইলেও দেশের জনগণ তা গ্রহণ করবে না এবং সে সুযোগ দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিএনপি ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বোমার ঘটনা বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।