রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা। এ সময় জিম্মি অবস্থায় থাকা ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহান ও তাঁর স্ত্রী নার্গিস আক্তার। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টার পর অভিযান চালিয়ে সোহানকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামি কৌশিক আহমেদ মন্টুর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে নারী পুলিশের সহায়তায় মন্টুর স্ত্রী নার্গিস আক্তারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুই অজ্ঞাতনামা নারী বাসা পরিবর্তনের কথা বলে আসবাবপত্র সরানোর সহায়তা চান। তাঁদের সহায়তা করতে এগিয়ে যান ভুক্তভোগী মো. সামিউল ইসলাম। পরে কৌশলে তাঁকে কৌশিক আহমেদ মন্টুর বাসায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাঁর ছবি ও ভিডিও ধারণ করা হয়।
এসব ছবি ও ভিডিও তাঁর স্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সামিউলের কাছে ৩৫ হাজার টাকা দাবি করা হয় বলে জানায় পুলিশ। একপর্যায়ে তাঁকে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য করা হয়।
ভুক্তভোগীর বড় ভাই থানায় বিষয়টি জানানোর পর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।