রাজশাহী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে জ্বালানি সরবরাহ শুরু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রাথমিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে জ্বালানি লোডিংয়ের জন্য জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটমের নিযুক্ত বাংলাদেশি জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালে রসাটমের ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রথম ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর কোরে প্রাথমিক জ্বালানি লোডিং সম্পন্ন করে। চলতি মাসেই রিঅ্যাক্টরটি সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তির স্তরে পৌঁছেছে। বিদ্যুৎ উৎপাদনের পথে এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের জন্য জ্বালানি অ্যাসেম্বলির প্রথম চালান সম্প্রতি বাংলাদেশে পৌঁছেছে। রসাটমের জ্বালানি বিভাগের অধীন নোভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেট প্ল্যান্টে এসব জ্বালানি অ্যাসেম্বলি তৈরি করা হয়েছে।

এর আগে প্রথম ইউনিটের প্রথম রিফুয়েলিংয়ের জন্য প্রয়োজনীয় নতুন পারমাণবিক জ্বালানি সাইবেরিয়া থেকে বাংলাদেশে আনা হয়। রিঅ্যাক্টরের প্রথম জ্বালানি চক্র শেষ হওয়ার পর দ্বিতীয় ইউনিটের রিফুয়েলিং করার কথা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের স্থাপনায় পৌঁছানো জ্বালানির কন্টেইনারগুলো নির্ধারিত নতুন পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়। প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও পারমাণবিক নিরাপত্তার শর্ত পূরণ নিশ্চিত করতে প্রতিটি জ্বালানি অ্যাসেম্বলির বাধ্যতামূলক দৃশ্যমান ও যন্ত্রনির্ভর পরীক্ষা করা হবে।

বাংলাদেশ, প্রধান ঠিকাদার এবং জ্বালানি প্রস্তুতকারকের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ কমিশন পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তাবিধি অনুসরণ করে এসব পরীক্ষা পরিচালনা করবে। জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ এবং পরবর্তী পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে ইউনিটটিকে ধাপে ধাপে শক্তি বৃদ্ধির পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে রাশিয়ার নকশায় তৈরি দুটি জেনারেশন ৩+ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে। কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। রসাটমের ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রকল্পটির প্রধান নকশাকারী ও প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...