সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সরকারের পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শহরের গুলিস্তান চত্বর, সাব-রেজিস্ট্রি অফিস চত্বর, পুরোনো বাসস্ট্যান্ড, আকবর আলী কলেজ গেট, কলেজ ছাত্রাবাসের পাশ, সোনালী ব্যাংক ও উল্লাপাড়া পোস্ট অফিস এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে রেস্তোরাঁ, পোশাক, ওষুধ, চা, চুড়ি-মালা ও প্লাস্টিক পণ্যের দোকানসহ বিভিন্ন ধরনের দোকানপাট ছিল।
উল্লাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শহরের প্রধান সড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। স্থাপনাগুলো সরিয়ে নিতে মালিকদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তাঁরা তা সরিয়ে নেননি।
তিনি আরও জানান, চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের নির্দেশনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে সড়কের পাশে নতুন করে অবৈধ দোকানপাট গড়ে ওঠা ঠেকাতে পৌরসভার পক্ষ থেকে কঠোর নজরদারি করা হবে।
অভিযানে পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান, হিসাবরক্ষক শ্রীকান্ত বাবু বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর আলী আহম্মেদ রতন, বাজার পরিদর্শক আমিনুল ইসলাম, সার্ভেয়ার সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।