বিনোদন

১৫ বছরেও মুক্তি পায়নি ‘কাঁটা’

প্রায় দেড় দশক আগে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘কাঁটা দ্য ফিল্ম’ এখনো মুক্তির মুখ দেখেনি। ২০১২-১৩ সালে অনুদান পাওয়া ছবিটির শুটিং শেষ হয় ২০২০ সালে। সে বছরই মুক্তির পরিকল্পনা করেছিলেন পরিচালক টোকন ঠাকুর। তবে নানা কারণে তা আর বাস্তবায়িত হয়নি। এবার ছবিটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু সিনেমাটির মুক্তি নিয়ে এখনো নিশ্চিত কোনো পরিকল্পনা নেই।

সিনেমাটি প্রসঙ্গে ঢাকা মেইলকে টোকন ঠাকুর বলেন, ‘ছবিটি সেন্সরে (সেন্সর সার্টিফিকেশন বোর্ড) জমা দেব। জমা দিতে একটা খরচাপাতি আছে। সেটা অ্যারেঞ্জ করছি।’ চলতি বছরই ছবিটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দিতে চান বলে জানান তিনি।

এর আগে ছবির শুটিং শেষ হলেও পোস্ট-প্রোডাকশনের কিছু কাজ—যেমন আবহসংগীত ও সম্পাদনা—বাকি থাকার কথা শোনা গিয়েছিল। টোকন ঠাকুরের ভাষ্য, এসব কাজ একপ্রকার সম্পন্ন হয়েছে। তবে কাজের মান নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। তাঁর কথায়, ‘ওটা এক প্রকার সম্পন্ন বলা চলে। তবে আমার মনের মতো হয়নি।’

চূড়ান্তভাবে কাজ শেষ হয়েছে কি না, সে বিষয়ে তিনি বলেন, ‘এক প্রকার শেষ বলা চলে, কেননা যতক্ষণ না সেন্সরে জমা পড়ছে তার আগ পর্যন্ত চলতেই পারে।’

সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি চললেও সিনেমাটির মুক্তি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি পরিচালক। দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। টোকন ঠাকুর বলেন, ‘এই মুহূর্তে দেশে যে রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা চলছে তারমধ্যে আর্ট কালচার অনেকটা থমকে আছে। সময় পক্ষে এলেই মুক্তির ব্যাপারে ভাবব।’

তবে সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ‘কাঁটা’র সম্পাদনা এখনো পুরোপুরি শেষ হয়নি। ছবিতে প্রায় ১০টি গান রয়েছে, সেগুলোর কাজও বাকি। আবহসংগীতের কাজও শেষ হয়নি বলে জানিয়েছে সূত্রটি। অর্থনৈতিক সংকটের কারণে এসব কাজ বন্ধ রয়েছে। বাকি কাজ শেষ করতে টোকন ঠাকুর স্পন্সর খুঁজছেন বলেও জানিয়েছে সূত্রটি।

কথাশিল্পী শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ২২ পৃষ্ঠার গল্প থেকে টোকন ঠাকুর তৈরি করেন প্রায় দেড় শ পৃষ্ঠার চিত্রনাট্য। সেই চিত্রনাট্য অবলম্বনেই নির্মিত ‘কাঁটা দ্য ফিল্ম’-এ অভিনয় করেছেন এস এম মহসিন, অনিমেষ আইচ, সিবু কুমার শীলসহ আরও অনেকে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...