মঞ্চে ইসরাইলের পতাকা পায়ে মাড়িয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় এসেছেন কলম্বিয়ান র্যাপার ও সংগীতশিল্পী চেলো হোপ, যিনি অনেক জায়গায় শিলো হোপ নামেও পরিচিত। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে তিনি এ কাণ্ড ঘটিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি এই ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, দর্শক-শ্রোতাদের সামনে মঞ্চে সংগীত পরিবেশন করছিলেন সংগীতশিল্পী চেলো হোপ। এমন সময় এক দর্শক মঞ্চে উঠে গায়িকার দিকে ইসরাইলের পতাকা এগিয়ে দেন। এতে মেজাজ হারান তিনি। পতাকাটি হাত থেকে কেড়ে নিয়ে ছুড়ে মাটিতে ফেলে পা দিয়ে মাড়াতে থাকেন। এরপর তা লাথি দিয়ে সরিয়ে দেন।
এই সংগীতশিল্পীর রাজনৈতিক গান তথা বিভিন্ন গণআন্দোলনের গান পরিবেশনের জন্যও বেশ সুনাম রয়েছে। সেই মঞ্চেই তিনি ‘অ্যানাতোমিয়া’ নামে একটি গান পরিবেশন করছিলেন, যেখানে উঠে আসে সেই বিষয়গুলো। ঘটনাটি ঘটে গত ২৪ অক্টোবর। এরপর সেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।
এতে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে চেলো হোপের প্রতিবাদের এই দৃশ্য আলোচনায় আসে। এ ঘটনায় কলম্বিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত নিন্দা প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটিতে সংগীতশিল্পীকে অনেকে না চিনলেও তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন ও গাজায় হামলা চালিয়ে আসা দখলদার ইসরাইলের প্রতি গায়িকার ‘ঘৃণা প্রকাশ’ হিসেবেই দেখছেন তারা। ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে গায়িকার এ প্রতিক্রিয়াকে ইতিবাচক হিসেবে নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনদের একাংশ।
অনেক নেটিজেন আলোচিত এ গায়িকার পরিচয় নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। সেই সঙ্গে ঘটনাস্থল নিয়েও জানতে চান। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম মারফতে জানা যায় যে, তিনি কলম্বিয়ান র্যাপার চেলো হোপ।
জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ ও ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে— গত ২৪ অক্টোবর কলম্বিয়ার বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে ‘হিপ হোপ আল পারকে’ উৎসবে পারফর্ম করার সময় এ ঘটনা ঘটে। সেখানে চেলো হোপ পারফর্ম করছিলেন এবং অনুষ্ঠানের এক পর্যায়ে পতাকা মাড়ানোর ঘটনাটি ঘটে। পারফর্মের সময় ‘পালেস্তিনা লিব্রে’ বলে স্লোগানও দেন তিনি। স্প্যানিশ ভাষার এ স্লোগানের অর্থ— ‘মুক্ত হোক’।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।