বিনোদন

পরিবারের দায়িত্ব নিতে অন্ধকার পথে, নতুন নাটকে সুনেরাহ

অভিনয়ে বৈচিত্র্য ও ভিন্নধর্মী চরিত্রের মাধ্যমে দর্শকের মনোযোগ কেড়েছেন সুনেরাহ বিনতে কামাল। প্রতিবারই নতুনভাবে পর্দায় নিজেকে তুলে ধরার চেষ্টা করেন এ অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার ‘অজানা অধ্যায়’ নামে একটি একক নাটকে অভিনয় করেছেন তিনি। এতে ইতি চরিত্রে দেখা গেছে তাঁকে। পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে যে জড়িয়ে পড়ে অন্ধকার এক জগতে।

নাটকের গল্পে ইতির বাবা অসুস্থ, বড় বোনও অসহায়। ফলে পরিবারের দায়িত্ব একাই কাঁধে তুলে নেয় ইতি। প্রতিদিন চাকরিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও বাস্তবে তার কোনো চাকরি নেই। পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে সমাজের বিত্তবানদের সঙ্গে সময় কাটিয়ে অর্থ উপার্জন করে সে।

একসময় ইতির প্রেমিক তার জীবনের এই গোপন অধ্যায়ের কথা জানতে পারে। সত্যটি জানার পর দিশেহারা হয়ে পড়ে সে। ইতিকে কীভাবে এই পথ থেকে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে তৈরি হয় সংকট। এরপর গল্পে একের পর এক নতুন ঘটনা সামনে আসতে থাকে।

নাটকটি নির্মাণ করেছেন জহিরুল ইসলাম নীরব। কাহিনি ও চিত্রনাট্যও তাঁর লেখা। এতে সুনেরাহর বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। আরও অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল, সাহেদ আলী, মঞ্জু রহমান, রিপন, শফিক ও ইমন। সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে নাটকটি।

‘অজানা অধ্যায়’ প্রসঙ্গে সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘ক্যারিয়ারে নানা ধরনের গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছে। “অজানা অধ্যায়” নাটকের কাহিনি ও ইতি চরিত্রটি আগের সব নাটক থেকে অনেকটা আলাদা। চেষ্টা করেছি সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে। গল্প, চরিত্র, নির্মাণ ও সহশিল্পীদের অভিনয় মিলিয়ে নাটকটি অনেকের মনে ছাপ ফেলবে বলে আশা করছি।’

আরশ খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় প্রসঙ্গে সুনেরাহ জানান, নির্মাতারা সাধারণত দর্শকের প্রত্যাশা পূরণে নতুন নতুন জুটি নিয়ে কাজ করেন। আরশের সঙ্গে অভিনয়ের শুরু থেকেই জুটি হিসেবে তাঁরা দর্শকের পছন্দ পেয়েছেন। এ কারণে নির্মাতারা তাঁদের নিয়ে নতুন গল্প তুলে ধরতে আগ্রহী হচ্ছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...