মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার ও নিবন্ধন নম্বর লেখার পদ্ধতি পরিবর্তনের সুযোগ রেখে সড়ক পরিবহন বিধিমালা সংশোধন করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, মোটরসাইকেলের নকশা বিবেচনায় সামনের নম্বরপ্লেটে এক লাইনে নিবন্ধন নম্বর লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা ও বিভিন্ন চিহ্নের মাপ নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে সংস্থাটিকে।
গতকাল রোববার (১ নভেম্বর) সড়ক পরিবহন বিধিমালা সংশোধনের গেজেট প্রকাশিত হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ নম্বর বিধি সংশোধনের মাধ্যমে এসব পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধিতে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি অনুভূমিক রেখায় নিবন্ধন নম্বর লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ। মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের বিপরীতমুখী আলো প্রতিফলক নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।
এ ছাড়া সামনের নম্বরপ্লেটে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষর, সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে বিআরটিএ। এক লাইনে নিবন্ধন নম্বর লেখার ক্ষেত্রে জেলা ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার বিধিমালায় এ সংশোধন এনেছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।