জাতীয়

বিশ্ববিদ্যালয়ের মাঠ ফেরতের দাবিতে ট্রাক্টর নিয়ে মেলার স্থাপনা ভাঙছেন শেকৃবির শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে নির্মিত বাণিজ্য মেলার বিভিন্ন স্থাপনা ভাঙতে শুরু করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে নেমে এ কার্যক্রম শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুটি ট্রাক্টর ব্যবহার করে মেলার বিভিন্ন স্থাপনা ও স্টল ভাঙা হয়।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠটি তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলা, গবেষণা ও অন্যান্য শিক্ষা কার্যক্রমের জন্য মাঠটি উন্মুক্ত রাখতে হবে। সেখানে বাণিজ্য মেলা কিংবা অন্য কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি আগে বিশ্ববিদ্যালয়ের নামে ছিল। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিয়ে সেখানে কৃষি গবেষণার জন্য ইনস্টিটিউট বা গবেষণাকেন্দ্র গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল, বাণিজ্য মেলা ও অন্যান্য বাণিজ্যিক আয়োজন বন্ধ এবং নতুন কোনো স্থাপনা নির্মাণ না করার নিশ্চয়তা চান তাঁরা।

শিক্ষার্থীদের অভিযোগ, স্থাপনা সরানোর জন্য বৈঠকে ১২ ঘণ্টা সময় দেওয়া হলেও তা সরানো হয়নি। এ কারণে তাঁরা নিজেরাই মেলার স্থাপনা ও স্টল ভাঙার কাজ শুরু করেছেন।

এর আগে গত ২৭ অক্টোবর মাঠে সচিবালয় স্থানান্তরের প্রস্তুতির অংশ হিসেবে মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলার সময় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে যান তাঁরা। পরদিন ২৮ অক্টোবর মেলার প্রধান প্রবেশগেট ও কয়েকটি অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

এ ছাড়া মাঠ পুনরুদ্ধারের দাবিতে কয়েক দফা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁরা। গতকাল রোববার চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম জানিয়েছিলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হবে। তবে ভাঙচুরের মতো কর্মকাণ্ড যেন আর না ঘটে, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...