দিনাজপুর প্রতিনিধি।। “করবো সমবায় – গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় রেলি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস -২০২৬ ।
এ উপলক্ষে ৮ নভেম্বর রবিবার সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সমবায় রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য সমবায় র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর – ৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি বলেন , আজকের এই দিবসের তাৎপর্য অত্যন্ত গভীর। দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, কৃষি খাতের বিকাশ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তি শালী করার ক্ষেত্রে সমবায় আন্দোলনের কোনো তুলনা নেই। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র পুঁজিকে একত্রিত করে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা যায়, যা প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলে। বর্তমান সময়ের দাবি হলো সমবায় কার্যক্রমকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করা। আসুন, আমরা সকলে মিলে ভেদাভেদ ভুলে সমবায়ের আদর্শকে বুকে ধারণ করি। একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী দেশ গঠনে প্রত্যেকে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান জেলা সমবায় অফিসার হরেকৃষ্ণ বর্মনসহ বিভিন্ন সমবায় সংগঠন সমূহ।
শিশু একাডেমি চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা সমবায় অফিসার হরেকৃষ্ণ বর্মন। এ ছাড়াও দিবসটি উপলক্ষে সমবায় পণ্য মেলা উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।
এরপর শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম,জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার হরেকৃষ্ণ বর্মন। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আওয়াল খান ও সাবিনা ইয়াসমিন।
আলোচনা সভা শেষে সর্বোচ্চ অডিট ফি এবং ও সমবায় সমবায় উন্নয়ন তহবিল প্রধান কারি তিনটি সমবায় সমিতি এবং দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ৭টি সমবায় সমিতিকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
সর্বশেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের অংশগ্রহনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বিপাশা মুরসালিনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মোঃ জুয়েল হোসেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।