মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) কথিত এক আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাফায়েল আলভারেজ, যিনি ‘আর-টু’ নামে পরিচিত, তাঁকে রোববার জালিস্কো রাজ্যের জাপোপান শহরে অভিযান চালিয়ে আটক করা হয়। একই অভিযানে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৯ নভেম্বর প্রকাশিত আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নৌবাহিনীর বিশেষ ইউনিট, জাতীয় গোয়েন্দা কেন্দ্র এবং নিরাপত্তা মন্ত্রণালয়ের সদস্যরা অংশ নেন।
মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ জানিয়েছেন, আলভারেজ সিজেএনজির ‘লস আরএস’ নামে পরিচিত একটি সেলের নেতৃত্ব দিতেন বলে সন্দেহ করা হচ্ছে। এই গোষ্ঠীর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক পাচার, হত্যাকাণ্ড, অপহরণ, অবৈধভাবে মানুষ আটকে রাখা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগ রয়েছে। ব্যবসায়ী ও অ্যাভোকাডো উৎপাদকদের কাছ থেকেও চাঁদা আদায় করত গোষ্ঠীটি বলে জানিয়েছেন তিনি।
অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলভারেজ আহত হন এবং তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন। মেক্সিকোয় তাঁর বিরুদ্ধে গুরুতর হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্যও তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি আছে। যুক্তরাষ্ট্রের ডিইএ জানিয়েছে, মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অভিযোগেও তাঁকে খুঁজছিল তারা।
মেক্সিকোর কর্তৃপক্ষের দাবি, আলভারেজ অন্তত ১৯ জনের হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের মধ্যে উরুয়াপানের সাবেক মেয়র কার্লোস মানজোর হত্যার ঘটনাও রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত বছরের ১ নভেম্বর জনসমক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মানজোকে গুলি করে হত্যা করা হয়। তিনি অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন।
সিজেএনজি মেক্সিকোর জালিস্কো ও মিচোয়াকান রাজ্যে সক্রিয়। যুক্তরাষ্ট্র ২০২৫ সালে সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। দেশটির আরেক শক্তিশালী সিনালোয়া কার্টেলের সঙ্গে মাদক পাচারের নিয়ন্ত্রণ নিয়ে সংগঠনটির প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
কার্টেলের প্রতিষ্ঠাতা নেমেসিও ‘এল মেনচো’ ওসেগুয়েরা চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভিযানে নিহত হওয়ার পর সংগঠনটির কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। তবে বিভিন্ন এলাকায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনা অব্যাহত রয়েছে। মেক্সিকোয় এখনো প্রায় ১ লাখ ৩৪ হাজার মানুষ নিখোঁজ বলে ধারণা করা হয়; তাঁদের মধ্যে জালিস্কো রাজ্যে নিখোঁজের সংখ্যা সবচেয়ে বেশি।
সূত্র: এএফপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।