বিশ্ব

প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার ঘটনায় ইন্দোনেশিয়ায় নজরদারি সরঞ্জাম ব্যবহারে কড়াকড়ি

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের ফোনে অবৈধভাবে আড়ি পাতার ঘটনায় নজরদারি সরঞ্জাম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রেসিডেন্টের প্রাসাদে গোপনে আড়ি পাতার কোনো যন্ত্র বসানো হয়েছে কি না, তা খুঁজে দেখতে বিশেষ তল্লাশি চালানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার আইনবিষয়ক জ্যেষ্ঠ মন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্রা সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের প্রাসাদে গোপন ইলেকট্রনিক নজরদারি যন্ত্র রয়েছে কি না, তা পরীক্ষা করার বিষয়টি সরকার বিবেচনা করছে। ভবিষ্যতে বিভিন্ন সরকারি সংস্থার হাতে থাকা আড়িপাতার সরঞ্জাম যাতে অপব্যবহার না হয়, সে জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট, সরকারের শীর্ষ কর্মকর্তা এবং আরও কয়েকজনের ফোনে অবৈধভাবে আড়ি পাতার অভিযোগ সামনে আসে। এ ঘটনায় চারজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দেশটির সাবেক পুলিশপ্রধান লিস্তিও সিগিত প্রাবোও রয়েছেন। তিনি সম্প্রতি প্রেসিডেন্টের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে ঘটনাটিকে রাষ্ট্রদ্রোহের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি এবং আনুষ্ঠানিকভাবে কারও বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়নি। নজরদারি কত দিন ধরে চলছিল, কতজনের ফোনে আড়ি পাতা হয়েছে এবং কারা এর নির্দেশ দিয়েছিল—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রাবোও ২০২৪ সালের শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ নজরদারি চলছিল বলে কর্তৃপক্ষের ধারণা। যাঁদের ফোন পর্যবেক্ষণ করা হয়েছিল, তাঁদের মধ্যে ব্যবসায়ী, সাংবাদিক, অধিকারকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সাবেক পুলিশপ্রধান লিস্তিওকে দেশটির সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। উইদোদোই প্রাবোওকে রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছিলেন। ফলে এ ঘটনায় দুই নেতার মধ্যকার সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। তবে নজরদারি কেলেঙ্কারির সঙ্গে সাবেক প্রেসিডেন্টের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি।

প্রেসিডেন্ট প্রাবোও রোববার সাবেক ১০ জন পুলিশপ্রধানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ফোনে আড়ি পাতার বিষয়টি আলোচনায় আসে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ায় এ ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন সরকারের ব্যয়বহুল সামাজিক কর্মসূচি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং শেয়ারবাজার ও মুদ্রার ওপর চাপ সামলাতে সরকারকে কাজ করতে হচ্ছে। এর মধ্যে রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ প্রশাসনের ওপর নতুন চাপ তৈরি করেছে।

সূত্র: রয়টার্স

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...