বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর যথাযথ বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশটির সব রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে মনে করে সংস্থাটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান তুলে ধরেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বহু মানুষের প্রাণহানির তথ্য উঠে এসেছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর সমর্থকেরা দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?
জবাবে ফারহান হক বলেন, এ নির্দিষ্ট বিষয়ে তাঁর নতুন করে কোনো মন্তব্য নেই। তবে জাতিসংঘ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহি দেখতে চায়। এর মধ্যে জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের মাধ্যমে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও রয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে জাতিসংঘ বিশ্বাস করে।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। এ সময় আহত হন কয়েক হাজার মানুষ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।