জাতীয়

কপ-৩১ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটের দ্বিতীয় দিনে বুধবার (১১ নভেম্বর) ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

এ ছাড়া শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি এবং মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। দিনের শেষ কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণীও তাঁর সঙ্গে থাকবেন।

কূটনৈতিক পর্যবেক্ষকদের কাছে দিনের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে চীন ও উজবেকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। এসব আলোচনায় দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পেতে পারে। তবে বৈঠক দুটির বিস্তারিত আলোচ্যসূচি এখনো জানা যায়নি।

কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। দুপুর ২টায় উচ্চপর্যায়ের অধিবেশনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

এরপর দুপুর ২টা ৪০ মিনিটে সম্মেলনস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষ বিআর-১২-তে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। বিকেল ৪টায় বিআর-০৩ কক্ষে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ কমানো নিয়ে বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তুরস্কের ফার্স্ট লেডি। বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সম্পদের পুনর্ব্যবহার এবং মিথেন নিঃসরণ কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী। সম্মেলনের গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...