ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় শর্ট কোর্সে অংশ নিতে আসা আট চীনা শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন। তাঁদের মধ্যে ইতিমধ্যে দুজন চীনে ফিরে গেছেন। বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর ঢাকা ছাড়বেন।
চলতি নভেম্বরের শেষের দিকে তাঁদের কোর্স শেষ হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিবারের সদস্যদের উদ্বেগের কারণে আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার।
তিনি জানান, চীনা শিক্ষার্থীরা মূলত একটি শর্ট কোর্সে অংশ নিতে ঢাকায় এসেছিলেন। তাঁদের কোর্স প্রায় শেষের দিকে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁদের পরিবারের সদস্যরা কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ কারণে শিক্ষার্থীরা আগেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশে ফিরে নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকেই কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন তাঁরা।
চলমান পরিস্থিতি নিয়ে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে হল প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাধ্যক্ষ জানান, শিক্ষার্থীরা দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পরই বিমানের টিকিট কেটে রেখেছিলেন। তবে বৈঠকে হল প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন স্থানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করেছে। পাশাপাশি ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এসব পদক্ষেপের বিষয়েও বিস্তারিত জানানো হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।