নাটোরের কাদিরাবাদে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে (ইসিএসএমই) ১০ থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও ইঞ্জিনিয়ার্স কোরের বর্তমান কর্নেল কমান্ড্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান ইঞ্জিনিয়ার্স কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইঞ্জিনিয়ার্স কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি এই কোরের গৌরবময় ঐতিহ্য এবং দেশ ও জাতির কল্যাণে যুদ্ধ ও শান্তিকালীন সময়ে রাখা অবদানের প্রশংসা করেন। এ ছাড়া ইঞ্জিনিয়ার্স কোরের কার্যক্রম, উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সব সময় প্রস্তুত থাকার জন্য কোরের সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অন্যদিকে, ইঞ্জিনিয়ার্স কোরের ৭ম কোর পুনর্মিলনী উপলক্ষে ইসিএসএমই প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন সেনাবাহিনী প্রধান। এ সময় দেওয়া বক্তব্যে তিনি ইঞ্জিনিয়ার্স কোরের সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে বিদ্যমান ঐক্য, সৌহার্দ্য এবং পেশাগত বন্ধনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে এই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; চিফ কনসালট্যান্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট; কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টার; মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারসহ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইঞ্জিনিয়ার্স কোরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।