রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাঘের মোড়ে বিএনপি নেতা ফজলুর রহমানের মালিকানাধীন নির্মাণাধীন মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করেছেন। তবে সার জব্দ না করে শুধু জরিমানা করায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগ, সারগুলো জব্দ করে ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা না নিয়ে শুধু জরিমানা করায় এটি ‘গুরু পাপে লঘুদণ্ড’ হয়েছে।
এদিকে, অভিযান ও সার মজুদের ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কোল্ড স্টোরের লোকজনের বিরুদ্ধে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রহমান কোল্ড স্টোর কর্তৃপক্ষ অবৈধভাবে সার মজুদ করেছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় কৃষকেরা এসব সার ন্যায্যমূল্যে তাদের মধ্যে বিক্রির দাবি জানিয়েছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক বস্তা সার সংগ্রহ করতে পারছেন না তারা। অথচ একটি কোল্ড স্টোরে বিপুল পরিমাণ সার মজুদ করে রাখা হয়েছে।
কৃষকদের দাবি, কোথা থেকে এবং কার মাধ্যমে এসব সার আনা হয়েছে, তা তদন্ত করে বের করতে হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি জব্দ করা সার ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রির ব্যবস্থা করতে হবে।
স্থানীয় কৃষক রাজু ও সুজন বলেন, দুই দিন আগে মাদারীপুর বাজারের মেসার্স হক ট্রেডার্সে রসিদ ছাড়া দুই বস্তা সার বিক্রির অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অথচ ২৮০ বস্তা সার মজুদের ঘটনায় কোল্ড স্টোর কর্তৃপক্ষকে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ধরনের অপরাধে দুই প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুই রকম জরিমানা কেন—এমন প্রশ্ন তুলে তারা বলেন, বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হলো? দুই বস্তা সারে ৬০ হাজার টাকা জরিমানা, আর ২৮০ বস্তা সারে জরিমানা মাত্র ২০ হাজার টাকা! এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে চোরাপথে সার এনে কোল্ড স্টোরে মজুদ করা হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে। তবে এ কাজে জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরের ব্যবস্থাপক জালাল উদ্দিন বলেন, সারের বিষয়ে তিনি কিছুই জানেন না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, তারা চাষযোগ্য জমি দেখিয়েছেন এবং ওই জমির জন্য সার সংগ্রহ করেছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।