রাজশাহীর তানোরে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পলাশ আলী (৩০) দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পলাশ আলীকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন। একই সংস্থার এক নারী কর্মী তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ওই তরুণী কিস্তির টাকা আদায় শেষে ফিরছিলেন। এ সময় পলাশ আলী তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
তবে পলাশ আলীর বিরুদ্ধে করা অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে এনসিপির তানোর উপজেলা শাখা। শাখাটির সেক্রেটারি মোরশেদ আলী বলেন, এনসিপিতে যোগ দেওয়ার আগে পলাশ ওই সংস্থায় কাজ করতেন। সেখানে পুরোনো কোনো বিরোধের জের ধরে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে বলে তাঁদের ধারণা। এ ঘটনার প্রতিবাদ করা হবে বলেও জানান তিনি।
এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম জানান, তানোর উপজেলা কমিটির বিষয়ে তাঁর বিস্তারিত জানা নেই। তবে ঘটনাটি জানার পর তিনি উপজেলার দায়িত্বশীল নেতাদের বিষয়টি জানিয়েছেন। তাঁদের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। অভিযোগ সত্য প্রমাণিত হলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নাহিদুল ইসলাম।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।