জাতীয়

গাজীপুরে পুলিশের ধাওয়ার পর মহাসড়ক ছাড়লেন বিক্ষোভকারী শ্রমিকরা

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সড়কে কিছুটা ধীরগতি ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করেন। ফলে সড়কে যানবাহন আটকে পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এরপর শ্রমিকেরা মহাসড়কের অন্য স্থানে আবারও জড়ো হতে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবার ধাওয়া দিলে তাঁরা মহাসড়ক ছেড়ে যান। সকাল ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তাঁরা মহাসড়কে অবস্থান করেন। পরে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের শ্রমিকেরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। জরুন এলাকাতেও শ্রমিকেরা অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সব মিলিয়ে আট থেকে নয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...