ঠাকুরগাঁও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সঙ্গে রংপুর ও দিনাজপুর মালিক সমিতির অভ্যন্তরীণ বিরোধের জেরে ১৭ দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে জীবিকা নিয়ে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকেরা। দ্রুত সমস্যার সমাধানের দাবিতে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করেন তাঁরা। পরে মালিক সমিতি ও প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও বাস টার্মিনাল সড়কে মিনিবাস ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন মোটর শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সদর থানা-পুলিশ ও মালিক সমিতির নেতারা।
শ্রমিকদের অভিযোগ, ঠাকুরগাঁও মালিক সমিতির সঙ্গে রংপুর ও দিনাজপুর মালিক সমিতির অভ্যন্তরীণ বিরোধের কারণে ১৭ দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে তাঁদের দৈনন্দিন কাজ ও জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মালিক সমিতির বিরোধের দায় কোনোভাবেই শ্রমিকদের ওপর চাপানো উচিত নয় বলে দাবি তাঁদের। দ্রুত বিরোধের সমাধান করে স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান শ্রমিকেরা।
ঠাকুরগাঁও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন, শ্রমিকদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সব মালিকের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। কারণ, রংপুর ও দিনাজপুর মালিক সমিতি তাঁদের কথা শুনছে না।
মালিক সমিতি ও প্রশাসনের আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।