রংপুর বিভাগ

অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে রংপুরে সিপিবির বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্যচুক্তি এবং ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসব চুক্তিকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে বাতিলের দাবিতে রংপুরে লাল পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শ্যামপুর চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত সব বন্ধ চিনিকল এবং অন্যান্য বন্ধ কলকারখানা চালু, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মব সন্ত্রাস বন্ধ এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সভাপতিত্বে এবং মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুলের সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কাফি সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ ও সুব্রতা রায়সহ স্থানীয় নেতারা।

প্রধান বক্তার বক্তব্যে কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, দেশের সব ক্ষেত্রে গভীর ও দীর্ঘস্থায়ী সংকট চলছে। একদিকে জুলাই অভ্যুত্থানকে লক্ষ্যচ্যুত করে জনআকাঙ্ক্ষার বিপরীতে সাম্রাজ্যবাদী নীলনকশা বাস্তবায়ন এবং উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। অন্যদিকে গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সংকটমুক্ত করে নতুন ভবিষ্যৎ গড়ার সম্ভাবনাও রয়েছে।

তিনি বলেন, এ সম্ভাবনা বাস্তবায়নে দেশপ্রেমিক বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে গরিব ও মেহনতি মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

সিপিবির সভাপতি আরও বলেন, গত ৫৫ বছরে দেশে সংঘটিত গণঅভ্যুত্থান ও গণআন্দোলনগুলোতে কমিউনিস্ট, বামপন্থী ও প্রগতিশীল দেশপ্রেমিক জনগণ নেতৃত্ব দিলেও প্রতিবারই আন্দোলনের সুফল বুর্জোয়ারা ভোগ করেছে। আগামী দিনে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীদের প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগঠিত করতে হবে। এই শক্তির মাধ্যমে দেশের সম্পদ রক্ষা এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কাজী সাজ্জাদ জহির চন্দন সরকারকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব অসম বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের ইজারা চুক্তি এবং জনস্বার্থবিরোধী অন্যান্য চুক্তি বাতিলের আহ্বান জানান।

সমাবেশের আগে রংপুর নগরীতে লাল পতাকা মিছিল বের করে সিপিবি। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...