রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ও তাঁর অনুসারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি চলছিল।
অবস্থান কর্মসূচিতে আম্মার ও তাঁর সহযোগীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানগুলোর মধ্যে রয়েছে—‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন’, ‘আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘ঘুম ভাঙো, চোখ খোলো, রাকসু কবে সেটা বলো’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’।
সালাহউদ্দিন আম্মার বলেন, ক্যাম্পাসে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সব রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও রাকসু চান। তাঁর বিশ্বাস, সবাই রাকসু নির্বাচন চাচ্ছেন। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
এদিকে আম্মার ও রাবি সংস্কার আন্দোলনের নেতাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ‘মঞ্চ-২৪’ রাবি শাখার নেতারা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।