চলনবিল অঞ্চলে বিনা হালে রসুন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উচ্চমূল্যের ফসল হিসেবে পরিচিত রসুনকে এ অঞ্চলের কৃষকেরা ‘সাদা সোনা’ বলে থাকেন। চলনবিলের পলিমাটিতে উৎপাদিত রসুন দেশের মসলার চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করে। বর্ষার পানি নেমে যাওয়ার পর কাদামাটির জমিতে সারি সারি রসুনের কোয়া বিছিয়ে চাষ করা এখানকার দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি।
চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর উপজেলায় রসুন চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। রান্নার পাশাপাশি চিপস, আচারসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে রসুনের ব্যবহার বাড়ছে। দেশ-বিদেশে চাহিদা বৃদ্ধি এবং বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনায় এ ফসল চাষে কৃষকদের আগ্রহও বাড়ছে। শুধু চাটমোহর উপজেলাতেই গত তিন বছরে রসুনের আবাদ বেড়েছে প্রায় এক হাজার হেক্টর।
সরেজমিনে চলনবিল অধ্যুষিত ছাইকোলা, হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে চলছে রসুন চাষের প্রস্তুতি ও রোপণ। বাড়ির নারীরা বীজ রসুনের কোয়া ছাড়িয়ে রোপণের উপযোগী করছেন। পরে পুরুষদের সঙ্গে তাঁরাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদামাটির জমিতে রসুনের কোয়া বিছানোর কাজে ব্যস্ত থাকছেন।
বিনা হালে রসুন চাষের এ পদ্ধতিতে জমি চাষ না করেই কাদামাটির ওপর রসুনের কোয়া রোপণ করা হয়। পরে জমির আর্দ্রতা ধরে রাখতে এবং সরাসরি রোদ থেকে রসুনের কোয়া রক্ষা করতে জমির ওপর ধানের খড় কিংবা কচুরিপানা ছড়িয়ে দেওয়া হয়। একে মালচিং পদ্ধতি বলা হয়। রসুনগাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে খড় ও কচুরিপানা পচে জমিতে জৈব পদার্থের জোগান দেয়। এতে মাটির উর্বরতা ও স্বাস্থ্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে।
ছাইকোলা ইউনিয়নের কৃষক আব্দুল কাদের বলেন, মূলত সময় বাঁচাতেই তাঁরা বিনা হালে রসুন চাষ করেন। বর্ষার পানি নেমে যাওয়ার পর জমিতে চাষের উপযোগী অবস্থা তৈরি হতে দেরি হলে রসুন রোপণও পিছিয়ে যায়। তাই সময়মতো আবাদ শেষ করতে কাদামাটির জমিতেই রসুনের কোয়া রোপণ করেন তাঁরা। এতে জমি চাষ ও শ্রমিকের খরচও অনেক কমে যায়।
ডিবিগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামের কৃষক মিকাইল হোসেন বলেন, এ বছর তিনি পাঁচ বিঘা জমিতে রসুন চাষ করেছেন। তাঁর জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ শ্রমিকেরা মজুরির বিনিময়ে কাজ করছেন। পুরুষ শ্রমিকের দৈনিক মজুরি ৭০০ টাকা এবং নারী শ্রমিকের ৫০০ টাকা। তিনি আশা করছেন, সপ্তাহখানেকের মধ্যেই বিনা হালে রসুন রোপণের কাজ শেষ করতে পারবেন। ফলন ও বাজারদর ভালো হলে এবারও লাভবান হওয়ার প্রত্যাশা করছেন তিনি।
মূলগ্রাম ইউনিয়নের কৃষক মিনারুল ইসলাম বলেন, এ বছর তিনি সাত বিঘা জমিতে বিনা হালে রসুনের আবাদ করেছেন। কয়েক বছর ধরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবার আগের চেয়ে দুই বিঘা বেশি জমিতে রসুন চাষ করেছেন। এবারও ভালো দাম পেলে আগামী বছরগুলোতে আরও বেশি জমিতে রসুন আবাদ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, চাটমোহর উপজেলার অন্যতম প্রধান উচ্চমূল্যের ফসল রসুন। এখানকার উৎপাদিত রসুন দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। গত কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকদের মধ্যে এ ফসল চাষের আগ্রহ বাড়ছে। চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৫০ হেক্টর বেশি জমিতে রসুন চাষ হতে পারে বলে আশা করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় পেঁয়াজ ও রসুন সংরক্ষণাগার স্থাপন করায় কৃষকেরা বছরজুড়ে এসব ফসল সংরক্ষণের সুযোগ পাচ্ছেন। ফলে বাজারদর বিবেচনা করে ফসল বিক্রি করে তাঁরা বেশি লাভবান হতে পারছেন।
তিনি আরও বলেন, চলতি মৌসুমে রসুন, সরিষাসহ অন্যান্য রবি ফসলের আবাদ যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় সার সরবরাহ এবং মাঠপর্যায়ে নিবিড় পরামর্শসেবা দেওয়া হচ্ছে। কৃষকেরা যাতে রবি ফসল চাষে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়েন, সে লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক ও মাঠপর্যায়ে কৃষি পরামর্শ কার্যক্রম জোরদার করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।