নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে তিন মন্ত্রণালয়ের উদ্দেশে দেওয়া স্মারকলিপিটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের হাতে তুলে দেন আয়াসের একটি প্রতিনিধি দল।
এ সময় আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে একটি এনজিওর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে এনজিও গাকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতেই তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপি দেওয়ার সময় আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি ও রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।