রংপুর বিভাগ

জবাবদিহির মাধ্যমে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতের তাগিদ রংপুর বিভাগীয় কমিশনারের

২০৩০ সালের মধ্যে দেশের শতভাগ মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম। একই সময়ের মধ্যে ৮০ শতাংশ নিরাপদ পাবলিক টয়লেট নিশ্চিত করার লক্ষ্যও রয়েছে সরকারের। এ ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা-২০২৬ এবং ওয়াশ খাতের জন্য ২০২৬-২০৪০ মেয়াদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিভাগীয় কমিশনার বলেন, পাবলিক টয়লেট নীতিমালা অনুযায়ী ট্রানজিট এলাকা, প্রাতিষ্ঠানিক এলাকা, জনসমাগমস্থল, নিম্ন আয়ের জনগোষ্ঠীর বসতি, অনুষ্ঠানস্থল এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য পাবলিক টয়লেট নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

রংপুর বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক আবু জাফরের সভাপতিত্বে কর্মশালায় আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট অধিশাখার উপসচিব সুয়েমেন জো, উপসচিব মৌসুমী আফরিদা, জেলা প্রশাসক ইসরাত জাহান, মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোরশেদ আলম, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, সিনিয়র তথ্য কর্মকর্তা শাহজাহান আলী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আব্দুল মাজেদ।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পংকজ কুমার সাহা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সোহেল এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ ৩৮টি সরকারি দপ্তর ও ১০টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। এ সময় বক্তারা নীতিমালা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...