হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘আউটকাম-বেজড এডুকেশন (ওবিই)’ কারিকুলাম বাস্তবায়ন বিষয়ে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের ২৪২ নম্বর ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের উদ্যোগে এবং ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কর্মশালার শিরোনাম ‘ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ফর টিচার্স অন দ্য ইমপ্লিমেন্টেশন অব আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম ফর দ্য বিএসসি ফিশারিজ (অনার্স) প্রোগ্রাম’।
‘মডার্নাইজেশন অব টিচিং-লার্নিং ফ্যাসিলিটিজ ইন দ্য ফ্যাকাল্টি অব ফিশারিজ ফর দ্য ট্রান্সফরমেশন অব ফিশারিজ এডুকেশন টুওয়ার্ডস আউটকাম-বেজড কারিকুলা’ শীর্ষক উপপ্রকল্পের (পিন: ১২৩০৮) অধীনে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্য। ফিশারিজ অনুষদের হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) অধ্যাপক ড. মো. রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মো. ফরিদুল্লাহ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান এবং ইউজিসি-র সংশ্লিষ্ট কনভেনর অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর। এ ছাড়া আইকিউএসির পরিচালক কৃষিবিদ অধ্যাপক ড. সাইফুল হুদা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্য বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিশারিজ শিক্ষাকে আরও যুগোপযোগী করে তুলতে আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ওবিই পদ্ধতি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।
তিনি বলেন, সময়মতো ক্লাস, পরীক্ষা ও কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে শিক্ষকদের সচেতন থাকতে হবে, যাতে শিক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকারি বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
উপাচার্য আরও বলেন, শিক্ষকদের গবেষণায় বেশি সময় দিতে হবে। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজ উদ্যোগেও গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। এ প্রকল্পের মাধ্যমে ফিশারিজ অনুষদের একাডেমিক কার্যক্রম ও গবেষণাগারের উন্নয়নে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ধাপে ধাপে আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, এ প্রকল্পের মাধ্যমে ফিশারিজ অনুষদকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর অনুষদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। দেশের পুষ্টিচাহিদা পূরণ এবং মৎস্যসম্পদ রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ফিশারিজ অনুষদ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অনুষদের শিক্ষকরা আধুনিক পাঠদান পদ্ধতি ও ওবিই কারিকুলাম বাস্তবায়নে আরও দক্ষ হয়ে উঠবেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ জন শিক্ষক অংশ নিচ্ছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।