গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত বোর্ড অব পিস। চুক্তির শর্ত বাস্তবায়নে দুই পক্ষের ব্যর্থতা, ইসরায়েলের অব্যাহত সামরিক হামলা এবং মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এক বছর আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আর টিকিয়ে রাখা সম্ভব নাও হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেওয়া বোর্ড অব পিসের প্রথম বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে যেসব বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছিল, বাস্তবে সেগুলোর সঙ্গে পরিস্থিতির বড় ধরনের ব্যবধান রয়েছে। এই ব্যবধানই পুরো শান্তিপ্রক্রিয়ার জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বোর্ড অব পিস গঠন করা হয়। গাজার যুদ্ধবিরতি তদারকি এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনে সহায়তা করা ছিল সংস্থাটির মূল দায়িত্ব। পরে ২০ দফার একটি শান্তি পরিকল্পনার আওতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছিল।
তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত থাকার কথা জানিয়েছে বোর্ড অব পিস। পাশাপাশি শীত মৌসুমের আগে জরুরি ত্রাণ, চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশে বিধিনিষেধের কারণে মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আরোপ করা বিধিনিষেধ এবং অর্থায়নের ঘাটতি গাজায় ত্রাণ কার্যক্রম ও জরুরি প্রস্তুতিকে বাধাগ্রস্ত করছে। ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে হাজার হাজার পরিবারকে তাঁবু ও ধ্বংসস্তূপের মধ্যে আরেকটি শীত পার করার আশঙ্কা তৈরি হয়েছে।
বোর্ড অব পিসের প্রতিবেদনে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। সংস্থাটির মতে, যুদ্ধবিরতি থেকে সাধারণ মানুষ যদি বাস্তব কোনো সুফল না পায়, তাহলে তা অনির্দিষ্টকাল ধরে টিকিয়ে রাখা সম্ভব নয়। যুদ্ধবিরতি ভেঙে পড়লে পুনরায় আলোচনায় ফেরার জন্য কোনো কার্যকর রূপরেখা, প্রশাসনিক ব্যবস্থা কিংবা পুনর্গঠনের পরিবেশ অবশিষ্ট থাকবে না।
গাজা পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন বেসামরিক প্রশাসনিক কাঠামো তৈরির পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। বোর্ড অব পিসের অভিযোগ, এই প্রশাসনিক কাঠামোকে কার্যকর করার ক্ষেত্রে ইসরায়েল সরকারের সিদ্ধান্তহীনতা বড় বাধা হয়ে রয়েছে। বিশেষ করে বেসামরিক পুলিশকে প্রশিক্ষণ দেওয়া, তাদের গাজায় মোতায়েন এবং দায়িত্ব পালনের অনুমতি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত আসেনি।
এ কারণে গাজার নিরাপত্তা ও বেসামরিক প্রশাসন পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। বোর্ড অব পিস ইসরায়েল সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকেও দুই পক্ষকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য করার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো পক্ষই অন্য পক্ষের বিলম্বকে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থতার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে না। ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজার ব্যাপক পুনর্গঠনের জন্য দুই পক্ষের দায়িত্ব পালন অপরিহার্য।
শান্তিপরিকল্পনায় ভবিষ্যতে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বিশ্বাসযোগ্য পথ তৈরির কথাও উল্লেখ রয়েছে। বোর্ড অব পিস বলেছে, গাজার ভবিষ্যৎ নির্ধারণে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে পারে—এমন একতরফা পদক্ষেপও গ্রহণ করা উচিত নয়।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ যুদ্ধের ফলে অঞ্চলটির আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার মানুষ কিছুটা স্বস্তির আশা করলেও বাস্তব পরিস্থিতিতে সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। ত্রাণের সীমিত প্রবেশ, অব্যাহত হামলা এবং প্রশাসনিক অনিশ্চয়তার কারণে অঞ্চলটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আলজাজিরা
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।