খেলাধুলা

অ্যাশলে বার্টি জায়গা পেলেন আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে

অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা অ্যাশলে বার্টি আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। তিনটি গ্র্যান্ড স্লাম এককের শিরোপাজয়ী এই সাবেক বিশ্বসেরা খেলোয়াড় আগামী বছরের আগস্টে আনুষ্ঠানিকভাবে সম্মানজনক এই তালিকায় যুক্ত হবেন।

৩০ বছর বয়সী বার্টি ২৫ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছিলেন। তাঁর অবসরের সিদ্ধান্ত সে সময় বিশ্ব টেনিসে আলোচনার জন্ম দিয়েছিল। ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাত্র দুই মাস পর তিনি অবসরের ঘোষণা দেন।

হল অব ফেমে অন্তর্ভুক্তির খবর পেয়ে আবেগাপ্লুত হয়েছেন বার্টি। তবে টেনিসের কিংবদন্তিদের সঙ্গে একই তালিকায় জায়গা পাওয়ায় কিছুটা অবিশ্বাসও প্রকাশ করেছেন তিনি। রজার ফেদেরার, বিলি জিন কিং ও মার্গারেট কোর্টের মতো খেলোয়াড়দের পাশে নিজের নাম দেখার বিষয়টিকে বড় সম্মান হিসেবে দেখছেন অস্ট্রেলীয় এই তারকা।

২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০২১ সালে উইম্বলডন জয়ের পর ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন বার্টি। তিনটি ভিন্ন ধরনের কোর্টে গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। টানা ১১৪ সপ্তাহ নারী এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিলেন তিনি।

২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেন ছিল তাঁর ক্যারিয়ারের বিশেষ অর্জন। ৪৪ বছর পর কোনো অস্ট্রেলীয় নারী খেলোয়াড় হিসেবে এককের শিরোপা জেতেন তিনি। নিজের দেশের দর্শকদের সামনে সেই সাফল্য তাঁকে অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে বিশেষ অবস্থানে নিয়ে যায়।

বার্টির টেনিস ক্যারিয়ারে বাধা এসেছে একাধিকবার। হতাশা ও মানসিক চাপের কারণে প্রায় দুই বছর খেলা থেকে দূরে ছিলেন তিনি। একপর্যায়ে পেশাদার ক্রিকেটেও অংশ নেন। পরবর্তী সময়ে টেনিসে ফিরে বিশ্বসেরা হওয়ার পাশাপাশি তিনটি গ্র্যান্ড স্লাম জেতেন।

অবসরের পর তাঁর ফিরে আসা নিয়ে দীর্ঘদিন আলোচনা চলেছে। তবে এবারও বার্টি জানিয়েছেন, টেনিসে ফেরার কোনো পরিকল্পনা নেই। পরিবার ও সন্তানদের নিয়ে সময় কাটাতেই তিনি বেশি আগ্রহী।

আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে হুইলচেয়ার টেনিস বিভাগে জাপানের চারবারের প্যারালিম্পিক স্বর্ণজয়ী শিঙ্গো কুনিয়েদাও অন্তর্ভুক্ত হচ্ছেন।

সূত্র: রয়টার্স

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...