জাতীয়

শ্রমিক অসন্তোষে গাজীপুরের বিভিন্ন কারখানায় ছুটি

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০টি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টায় বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে বেলা ১১টার দিকে সালনা এলাকায় শ্রমিকেরা আবারও মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাঘের বাজার এলাকার মণ্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে হাজিরা দেন। পরে সকাল সোয়া ৮টার দিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাঁরা কারখানা থেকে বেরিয়ে যান। এরপর মহাসড়কের পশ্চিম পাশে গোল্ডেন রিফিট গার্মেন্টসের ফটকে গিয়ে জড়ো হন। তাঁদের দেখে ওই কারখানার শ্রমিকেরাও বাইরে বেরিয়ে আসেন।

একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন এবং আশপাশের কারখানাগুলো বন্ধের দাবি জানান। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে সিলকেন সুইং, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস লিমিটেড ও এস এম নীট ওয়্যার লিমিটেড, শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গ্রিন টেক্সটাইল, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার চিটাগাং ডেনিম লিমিটেড ও মেঘনা গার্মেন্টস।

পরে শ্রমিকেরা দলবদ্ধ হয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে শ্রীপুরের দিকে চলে যান। এ ছাড়া ক্রিস্টাল গার্মেন্টস, ডেমিমেক গার্মেন্টস, ডিভাইন গার্মেন্টস, হ্যামস গ্রুপের ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেটস, আনসার রোড এলাকার পলমল গ্রুপের তাকওয়া ফ্যাশন, তাকওয়া পোশাক কালাকান, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং প্লান্ট এবং মেঘনা ডেনিম অ্যান্ড ইউনিগ্লোরি ওয়াশিং লিমিটেডসহ আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

সড়ক অবরোধের বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, গত তিন সপ্তাহ ধরেই এমন পরিস্থিতি চলছে। রাজেন্দ্রপুরের বাংলা বাজার, হোতাপাড়া ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধের ঘটনা ঘটছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর বেরিয়ে যান। পরে শ্রীপুরের দিকে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রীপুর ও ভোগড়া এলাকায় পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেদিনও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ কাজ করছে।

এদিকে, শ্রীপুরের আনসার রোড এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে মহাসড়ক ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৫ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন এসআরবি এবং ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। তাঁরা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, গাজীপুরের কাশিমপুর কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...