জাতীয়

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুদার পদমর্যাদার দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। অসদাচরণের অভিযোগে সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার এবং অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

গত ৯ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার দেব্রত সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, দেব্রত সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিভাগীয় মামলা দায়েরের তারিখ ১৮ আগস্ট থেকে দেব্রত সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

অন্যদিকে, রাঙামাটির সদর সার্কেলে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দারকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তারেক সেকান্দারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তারেক সেকান্দার রেঞ্জ ডিআইজি অফিস, চট্টগ্রামে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী আদেশে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...