জাতীয়

রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, দুর্ভোগে নগরবাসী

ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভিজছে রাজধানী। এতেই গণপরিবহন সংকটসহ কর্মজীবী মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে। জরুরি কাজে বাইরে বের হওয়া মানুষজনও পড়েছেন বিপাকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সরজমিনে রাজধানীর ধানমন্ডি, তেজগাঁও, ফার্মগেইট ও গুলশান এলাকা ঘুরে এসব চিত্র লক্ষ্য করা গেছে।

সরজমিনে দেখা যায়, স্বাভাবিকের চেয়ে সড়কে কম গণপরিবহন, বৃষ্টি থেকে রক্ষা করতে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টির কারণে সড়কে চলাচলে বিঘ্ন ঘটছে। ছাতা কিংবা রেইনকোট ছাড়া বাইরে বের হওয়া অনেক মানুষকে বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে। বিশেষ করে, মোটরসাইকেল চালকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি।

rain2অফিসগামী মো. মেহেদী হাসান ঝিগাতলার বাসিন্দা। সকালে মেঘলা আকাশ দেখে রেইনকোট ছাড়াই মোটরসাইকেল নিয়ে বারিধারায় অফিসের উদ্দেশে বের হন তিনি। তবে পথেই পড়েন বৃষ্টির ফাঁদে।

তিনি বলেন, ‘সকাল ৯টায় যখন বের হয়েছিলাম, তখন বৃষ্টি ছিল না। তবে আকাশ মেঘলা ছিল। ভেবেছিলাম, বৃষ্টি আসার আগেই অফিসে পৌঁছাতে পারব। কিন্তু ফার্মগেট পার হতে না হতেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সেই বৃষ্টি উপেক্ষা করে ভিজতে ভিজতে তেজগাঁও পর্যন্ত চলে এসেছি। এখানে এসে বৃষ্টি আরও বেড়ে গেলে চায়ের টং দোকানে আশ্রয় নিয়েছি।’

আরেক পথচারী আব্দুল করিম মিয়া। তার গন্তব্য বনানী। তিনি বলেন, ‘আমি বনানীতে যাব। এজন্য গণপরিবহনের জন্য অপেক্ষা করছি। দু-একটি সিএনজিচালিত অটোরিকশাকে ডাকলেও পাইনি। কারণ, সেগুলোতে যাত্রী ছিল। দেখি, বাস পেলে বাসেই উঠে যাব।’

চায়ের দোকানে বসে চা পান করছিলেন রিকশাচালক কালাম। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বৃহস্পতিবারের দিন বেশি যাত্রী পাওয়া যায়। তবে আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় তেমন যাত্রী পাচ্ছি না। অন্যদিনের তুলনায় রাস্তাও ফাঁকা।’

ভিক্টর ক্লাসিক ও গোল্ডেন সিটি বাসের হেলপার মাজেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘রাস্তা ফাঁকা, যাত্রীও কম। এজন্য আজ সড়কে বাসও কম ছেড়েছি। বৃষ্টি থামলে হয়তো আরও বেশি বাস সড়কে নামানো হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাতটা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...