জাতীয়

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলের বৈঠক, ঐক্য ধরে রাখার আহ্বান

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। বৈঠক শেষে দেশবিরোধী অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জোটের নেতারা। একই সঙ্গে পরাজিত ফ্যাসিবাদী শক্তির ক্রীড়নকদের কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তাঁরা লক্ষ্য করছেন।

তিনি বলেন, এই অপশক্তি জনমনে আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসীর সামনে নিজেদের পরিচয় নতুন করে তুলে ধরছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণ করতেই তাঁরা বৈঠকে বসেছেন।

মামুনুল হক বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে রুখতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা ঐক্যবদ্ধভাবে রাজপথে এর মোকাবিলা করবেন। জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে বাংলাদেশ দুর্বল হয়ে পড়তে পারে।

সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, নৈরাজ্যবাদীদের হামলায় যেসব রাজনৈতিক দলের নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, যাঁদের জানমালের ক্ষতি হয়েছে, বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে কিংবা রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়া হয়েছে, তাঁদের সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি জানানো হচ্ছে।

সরকার কঠোর হাতে নৈরাজ্য দমন করবে বলে আশা প্রকাশ করেন খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। এ পর্যন্ত যাঁদের প্রাণহানি হয়েছে, তা পরাজিত শক্তির হামলায় হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সজাগ ভূমিকা প্রত্যাশা করেন তিনি। তবে প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলে তিনি মনে করেন না।

মাঠপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে উল্লেখ করে মামুনুল হক বলেন, আগের সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর অবস্থানে ছিল। বর্তমান সরকার বিরোধী মত দমনের ক্ষেত্রে ততটা নৃশংস নয়। পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...