দিনাজপুর প্রতিনিধি : সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।
দিনাজপুর জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস ড. এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর আলহাজ্জ আফতাব উদ্দিন মোল্লা।
সহকারী জেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও দিনাজপুর জেলার সাবেক আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর শাখার আমীর হাফেজ মাওলানা মাছুম তারীফ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মো. মাসুদ রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারী গোষ্ঠী যখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তখন সরকারের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গোপালগঞ্জে গত ১০-১২ দিনের ঘটনাপ্রবাহ তারই প্রমাণ বলে মন্তব্য করেন তাঁরা। বক্তারা বলেন, বর্তমান সরকারকে স্পষ্ট করতে হবে, তারা স্বৈরাচারের সহযোগি হিসেবে নয়, বরং বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চায়। সারাদেশে খুন, হত্যা, ধর্ষণ ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন ও অসন্তুষ্ট। শান্তি ও ন্যায়বিচারের প্রত্যাশায় মানুষ জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল। কিন্তু ৭০ ভাগ জনগোষ্ঠীর গণভোটের গণরায় জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আরও কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছে।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে।দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।