শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন বরাদ্দ দেওয়া হবে শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং ফলাফল ভালো, সেসব প্রতিষ্ঠান ভবন নির্মাণের বরাদ্দ পাবে। অন্যদিকে শিক্ষার্থী না থাকলে কিংবা ফলাফল খারাপ হলে ভবন বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও নকলের কোনো সুযোগ থাকবে না। খাতায় না লিখেও নম্বর পাওয়া কিংবা পাস করার সুযোগ আর থাকবে না। পরীক্ষায় ভালো ফল করতে হলে শিক্ষার্থীদের খাতায় লিখতে হবে এবং শিক্ষকদের মাধ্যমে সঠিকভাবে মূল্যায়িত হতে হবে।
তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন বরাদ্দের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফল বিবেচনা করা হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেগুলো ভবন নির্মাণের বরাদ্দ পাবে। কিন্তু যেখানে শিক্ষার্থী নেই, সেখানে ভবন দেওয়া হবে না। একইভাবে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খারাপ ফল করবে, তারাও এ সুবিধা থেকে বঞ্চিত হবে।
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দ্বিতীয় দফায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, বেতনভুক্ত শিক্ষকদের শ্রেণিকক্ষের বাইরে কোচিং সেন্টারে পাঠদান করা যাবে না। অনেক শিক্ষক শ্রেণিকক্ষে যথাযথভাবে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। এ প্রবণতা বন্ধ করতে হবে। শিক্ষকদের শ্রেণিকক্ষে পর্যাপ্ত পাঠদান নিশ্চিত করতে হবে।
শিক্ষকদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তাই তারা রাজনৈতিক মিছিল-মিটিংয়ে অংশ নিতে পারবেন না। যেসব শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্লাস বাদ দিয়ে কোনো শিক্ষক মিছিলে অংশ নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ প্রমুখ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।