ধর্মীয়

শিশুর দ্বীনি শিক্ষা ও নামাজের অভ্যাস গড়তে ঘরে রাখুন নির্দিষ্ট ইবাদতের স্থান

শিশুর মন-মানসিকতা, চিন্তাভাবনা ও জীবনযাপনের ধরন গড়ে ওঠার পেছনে পারিবারিক পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুর শিক্ষার প্রথম পাঠ শুরু হয় মায়ের কোল থেকে। একইভাবে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রাথমিক ধারণাও সে পায় পরিবারের কাছ থেকেই। ঘরের বড়দের আচরণ, ইবাদত-বন্দেগি এবং দৈনন্দিন জীবনযাপন শিশুর কোমল মনে গভীর প্রভাব ফেলে।

এ কারণে প্রতিটি মুসলিম পরিবারের উচিত ঘরে নামাজ ও ইবাদতের জন্য একটি নির্দিষ্ট স্থান রাখা। এতে আনুষ্ঠানিকভাবে শেখানোর আগেই শিশুরা পারিবারিক পরিবেশের মধ্য দিয়ে দ্বীনি শিক্ষার সঙ্গে পরিচিত হতে পারে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ঘরে ঘরে ও পাড়া-মহল্লায় মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সেগুলো পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার প্রতিও গুরুত্ব দিয়েছেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৫৫)

রাসুলুল্লাহ (সা.)-এর সময়েও ঘরে নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট স্থান ব্যবহারের প্রচলন ছিল। হজরত আবদুল্লাহ ইবনে শাদ্দাদ (রা.) বর্ণনা করেন, তিনি তাঁর খালা ও রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রী মাইমুনা (রা.)-এর কাছে শুনেছেন, তিনি হায়েজ অবস্থায় নামাজ আদায় করতেন না। এ সময় তিনি রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের স্থানের সামনে শুয়ে থাকতেন। আর রাসুলুল্লাহ (সা.) তাঁর চাটাইয়ের ওপর নামাজ আদায় করতেন। সিজদার সময় তাঁর কাপড়ের কিছু অংশ মাইমুনা (রা.)-এর শরীরে স্পর্শ করত। (সহিহ বুখারি, হাদিস : ৩৩৩)

হাদিসটির ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.) বলেছেন, এখানে নামাজের স্থান বলতে ঘরের মধ্যে নামাজ আদায়ের জন্য নির্ধারিত জায়গাকে বোঝানো হয়েছে। (ফাতহুল বারি, ১/৫৫০)

ঘরে ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গা রাখার সুফল শুধু পরিবারের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ নয়; এতে অতিথিরাও নামাজের প্রতি উৎসাহিত হতে পারেন। অনেক সময় এমন অতিথি বাড়িতে আসেন, যাঁরা নিয়মিত নামাজ আদায় করেন না। ঘরের নির্দিষ্ট স্থানে নামাজের সুন্দর পরিবেশ ও ইবাদতের আয়োজন দেখে তাঁরাও নামাজ পড়তে আগ্রহী হতে পারেন। ফলে পরিবারের ছোট্ট একটি উদ্যোগ অন্যের ধর্মীয় জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সাহাবায়ে কেরামের জীবনেও ঘরে নামাজের স্থান নির্ধারণের গুরুত্বের দৃষ্টান্ত পাওয়া যায়। হজরত মাহমুদ ইবনে রাবি (রা.) থেকে বর্ণিত, হজরত ইতবান ইবনে মালিক আনসারি (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে জানান, তাঁর দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে। বাড়ি থেকে গোত্রের মসজিদে যাওয়ার পথে পানি থাকায় তাঁর চলাচলে অসুবিধা হয়। এ কারণে তিনি রাসুলুল্লাহ (সা.)-কে তাঁর বাড়িতে এসে কোনো একটি স্থানে নামাজ আদায়ের অনুরোধ জানান, যাতে তিনি সেই জায়গাটিকে নিজের নামাজের স্থান হিসেবে নির্ধারণ করতে পারেন।

রাসুলুল্লাহ (সা.) তাঁর অনুরোধে সম্মতি দেন। একদিন তিনি আবু বকর (রা.)-কে সঙ্গে নিয়ে ইতবান (রা.)-এর বাড়িতে যান। ঘরে প্রবেশ করে তিনি জানতে চান, কোন স্থানে নামাজ আদায় করতে হবে। ইতবান (রা.) একটি জায়গা দেখিয়ে দিলে রাসুলুল্লাহ (সা.) সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। সাহাবিরাও তাঁর পেছনে জামাতে নামাজ পড়েন। (সহিহ বুখারি, হাদিস : ৮৪০)

এ ঘটনা থেকে বোঝা যায়, ঘরে নামাজের জন্য নির্দিষ্ট জায়গা রাখার বিষয়টি সাহাবায়ে কেরামের কাছেও গুরুত্ব পেয়েছিল। তাঁরা নিজেদের ঘরের পরিবেশকে ইবাদতবান্ধব করে তোলার ব্যাপারেও সচেতন ছিলেন।

শিশুদের মধ্যে দ্বীনি শিক্ষা ও নামাজের অভ্যাস গড়ে তুলতেও ঘরের এমন একটি স্থান কার্যকর ভূমিকা রাখতে পারে। অনেক পরিবারে ছেলেশিশুদের মসজিদে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলেও মেয়েশিশুদের ক্ষেত্রে তা সব সময় সম্ভব হয় না। ঘরে নামাজের নির্দিষ্ট জায়গা থাকলে ছেলে ও মেয়ে উভয় শিশুই সেখানে নামাজ পড়ার অনুশীলন করতে পারবে। মা-বাবাকে নামাজ আদায় করতে দেখে তারাও পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে আগ্রহী হবে। এভাবেই ছোটবেলা থেকে তাদের মনে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হতে পারে এবং ইবাদতের অভ্যাস গড়ে উঠতে পারে।

তাই প্রতিটি মুসলিম পরিবারের উচিত নিজেদের সামর্থ্য ও সুযোগ অনুযায়ী ঘরে নামাজ ও ইবাদতের জন্য পরিচ্ছন্ন, নিরিবিলি ও সুশৃঙ্খল একটি স্থান নির্ধারণ করা। ঘরের এই ছোট্ট আয়োজনই পরবর্তী প্রজন্মের মধ্যে দ্বীনি মূল্যবোধ জাগিয়ে তোলা এবং আল্লাহমুখী জীবন গঠনে সহায়ক হতে পারে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...